আগৈলঝাড়ায় শালিশ বৈঠকে চলাকালীন সময়ে প্রতিপক্ষর দায়ের কোপে বাবা-মা-মেয়েসহ একই পরিবারের পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়ি থেকে বের হওয়ার জন্য রাস্তার প্রয়োজনে উপজেলার সেরাল গ্রামে আবু কালাম হাওলাদার ও একই বাড়ির কবির হাওলাদার শুক্রবার রাতে শালিশ বৈঠকে বসে। এ সময় আবু কালাম রাস্তার জন্য জায়গা দিতে রাজি হলেও কবির কোন জায়গা দেবে না জানিয়ে শালিশ বৈঠকে হট্টগোল বাঁধায়। হট্টগোলের এক পর্যায়ে কবিরের নেতৃত্বে তার ভাগ্নে হাশেম ও তার লোকজন আবু কালাম (৬০), তার স্ত্রী নূরজাহান বেগম (৫০), মেয়ে পারভীন (৩০) নার্গিস (২৭), সোনিয়াকে (১৯) ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ওই রাতেই ঘটনা থানাকে জানিয়ে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নূরজাহান, সোনিয়া ও পারভীনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। শনিবার সকালে এসআই মিজানুর রহমান হাসপাতালে আহতদের সাথে কথা বলেছেন। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এমআই