ছাত্রলীগ নেতাকে হত্যাচেষ্টা

 
গুরুদাসপুরে পূর্ববিরোধের জের ধরে কামাল হোসেন (২২) নামে এক ছাত্রলীগ নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। আহতাবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পৌর শহরের চাঁচকৈড় চাকার মোড়ে শনিবার সকালে এ ঘটনা ঘটে।
 
কামাল হোসেন রাজশাহী সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক। গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় বাজার এলাকার সোহেল রানার ছেলে।
 
এদিকে কামাল হোসেনকে হত্যাচেষ্টার ঘটনায় তার মা মোছা. মতিয়া পারভিন বাদী হয়ে শনিবার দুপুরে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় একই গ্রামের মো. মিলন (২৭) মো. এমদাদুল হক (৩৫) বাবু (২৫) আব্দুস সামাদ (৫০) ও আল আমিনকে (২২) আসামি করা হয়েছে। পুলিশ এদদাদুল হককে গ্রেফতার করেছে।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. আলতাব হোসেন জানান, কামালের শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। একই সাথে নাকের হাড় ভেঙ্গে যাওয়ার আশঙ্কা রয়েছে। এক্স-রে রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
 
কামাল হোসেন অভিযোগ করেন, আসামিরা এলাকায় বিএনপির রাজনীতির সাথে জড়িত।
এনিয়ে আগে থেকেই তাদের সাথে বিরোধ ছিল। শনিবার আসামিদের বাড়ির কাছে গেলে এমদাদুল হক ও মিলন তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। ওই ঘটনার প্রতিবাদ জানান তিনি। এক পর্যায়ে তারা আক্রমণ করেন।
 
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/আরকেজি