বঙ্গবন্ধু হত্যা মামলা ও যুদ্ধাপরাধের বিচারের মত বড় বড় মামলার রায় কার্যকর করে সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
শনিবার জেলার বিরলে এক আলোচনা সভায় তিনি আরো বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির বিচার হচ্ছে। খালেদা জিয়া ফেঁসে গেছেন। সব বাঘা বাঘা আইনজীবী তার পক্ষে আদালতে গেছেন। তার আইনজীবীরা আইনের কথা বলছেন না, উনারা বলছেন- খালেদা জিয়ার সাজা হলে দেশে আগুন জ্বলবে। এটা কেন? কারণ উনারা বুঝতে পেরেছেন, মামলার রায় হবে। মামলার রায় কারো বিরুদ্ধে নয়, অপরাধের বিচার হবে।
তিনি আরো বলেন, দেশে আইনের শাসন চলছে। বর্তমান সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করেছে। এর আগে বঙ্গবন্ধু হত্যার বিচার বাধাগ্রস্ত করতে বিশেষ আইন জারি করা হয়েছিল। বঙ্গবন্ধু হত্যার বিচার ও যুদ্ধাপরাধীদের বিচার সরকার করেছে। খালেদা জিয়ার বিচারের মধ্য দিয়ে আবারো প্রমাণিত হবে দেশে আইনের শাসন বিদ্যমান।
শনিবার সকালে বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে দলীয় সদস্য সংগ্রহ/নবায়ন উপলক্ষে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল লতিফ এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রমা কান্ত রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. রবিউল ইসলামসহ উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
প্রধান অতিথি অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিনিধি সভার উদ্বোধন করেন। বিকালে উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে বিরল পৌর সভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
ইত্তেফাক/ইউবি