বরিশালের গৌরনদীতে ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় ২নং ওয়ার্ড কাউন্সিলরের চাচাতো ভাই রনি খানকে (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে কাউন্সিলর মো. খায়রুল খান ও তার সহযোগীদের হামলায় দুই ব্যবসায়ী জখম হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় শুক্রবার রাতে টরকী বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। রনি খান ওই মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেফতারকৃত আসামিকে শনিবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আাদালত তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, টরকী ট্রলার ঘাটের মওকুফকৃত টোল আদায় করে আসছিলো ২নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মো. খায়রুল খানের নিযুক্ত সাহানাজ সরদার (৪৫) ও তার পুত্র ইউসুফ সরদার (২০)। এতে টরকী বন্দরের ব্যবসায়ী মো. আলাউদ্দিন বাধা দেওয়ায় তাকে ও তার ফুফাতো ভাইকে পিটিয়ে জখম করেছে খায়রুল খান ও তার সহযোগীরা। এ ঘটনায় ব্যবসায়ী আলাউদ্দিন বাদী হয়ে পৌর কাউন্সিলর যুবলীগ নেতা খায়রুল খানসহ ১১ জনকে আসামি করে শুক্রবার সন্ধ্যায় গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতে টরকী বন্দর এলাকায় অভিযান চালিয়ে কাউন্সিলরের চাচাতো ভাই মো. রনি খান(২৪)কে গ্রেফতার করেছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, অন্যান্য আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/নূহু