ঠাকুরগাঁওয়ে গৃহবধূর শরীর এসিডে ঝলসে দিয়েছে দূর্বৃত্তরা!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ঝরণা রানী (১৮) নামে এক গৃহবধুর শরীরে এসিড নিক্ষেপ করে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। শনিবার দুপুরে উপজেলার বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পশ্চিমে ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

এসিড আক্রান্ত ঝরণা রাণী উপজেলার আমজানখোর ইউনিয়নের দিলীপ কুমারের স্ত্রী। শনিবার বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই গৃহবধূকে ভর্তি করা হয়েছে।

ঝরণা রাণী অভিযোগ করে বলেন, 'আমি ও আমার স্বামী দুপুরে উপজেলা আমজানখোর ইউনিয়নের উদয়পুর গ্রাম থেকে মোটরসাইকেলে এসএসসি পরীক্ষা দেখতে আসছিলাম। এ সময় বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পশ্চিমে ব্রিজ সংলগ্ন স্থানে অপর দিক থেকে দুইটি মোটরসাইকেল আসে। মোটরসাইকেলটিতে থাকা অর্জুন (২১) ও সুজন (১৯) সহ ৪ জন যুবক আমাদের উদ্দেশ্যে করে বোতলে থাকা এসিড ছুড়ে মারে। এ সময় আমি ও আমার স্বামী মাথা সরিয়ে নিলে ছুড়ে মারা এসিড আমার গায়ে পড়ে ডান হাত, গলা ও পা ঝলসে যায়।'

ঝরণা আরও বলেন, 'আমার স্বামী আমাকে রেখে মোটরসাইকেল দুটিকে ধাওয়া করে পিছু নেয়। আমি মোবাইল ফোনে আমার বাবাকে খবর দিলে তাৎক্ষনিক আমাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।'

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার আবুল কাসেম বলেন, এসিডে ঝরণা রানীর ডান হাত ও পিছনের একটি অংশ ঝলসে গিয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, আমরা এসিডে আক্রান্ত ঝরণা রাণীকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। আলামত সংগ্রহ করেছি। ঘটনার বিষয়ে অভিযোগ দিলে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/নূহু