কপোতাক্ষ নদের বেড়ি বাঁধের পাশ থেকে মাটি কাটার অভিযোগ!

তালা উপজেলায় কপোতাক্ষ নদের বেড়ি বাঁধের (বন্যা নিয়ন্ত্রণ) পাশ থেকে অবাধে মাটি কেটে একটি ইটভাটায় নেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বাঁধের পাশেই পুকুর কাটছেন কিছু অসাধু ভাটা মালিক। ফলে বর্ষা মৌসুমে বেড়ি বাঁধ ধসে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী।

অথচ ওই বাঁধের ওপর কোনো ধরনের কার্যক্রম করা যাবে না মর্মে হাইকোর্টের আদেশ আছে বলে জানা গেছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে—কপোতাক্ষ নদের সীমানার মধ্যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশ থেকে মাটি কাটা হচ্ছে। আর নদ ভরাট হয়ে জেগে ওঠা চরের জমি কিছু ইটভাটার লোকজন দখল করে রেখেছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে পুকুর খনন করেও ভাটার জন্য মাটি তোলা হয়েছে। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফরিদ হোসেন বলেন, ‘কপোতাক্ষ নদের বাঁধ থেকে মাটি কাটা অন্যায়। কেউ মাটি কাটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রবীর গোস্বামী বলেন, ‘বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে মাটি কাটলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ইত্তেফাক/নূহু