শিক্ষার্থীদের সহযোগিতায় কাঠের ব্রিজ নির্মাণ

 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামে প্রাক্তণ শিক্ষার্থীদের সহযোগিতায় প্রায় লক্ষাধিক মানুষের জন্য নির্মাণ করা হয়েছে একটি কাঠের ব্রিজ।  ২০০ ফুট লম্বা এবং সাড়ে তিন ফুট প্রশস্ত ব্রিজটি ইউনিয়নের রসুল্লাবাদ ইউ.এ খান উচ্চ বিদ্যালয়ের ৯৭ ব্যাচের প্রাক্তণ শিক্ষার্থীদের উদ্যোগে ও এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় নির্মাণ করা হয়েছে।
 
উপজেলার দুইটি ইউনিয়নের ১২টি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষের শিক্ষা, চিকিত্সা কৃষিসহ যাতায়তের ক্ষেত্রে যে দুর্ভোগ ছিল কাঠের ব্রিজ হওয়াতে তা কিছুটা লাঘব হবে।
 
স্থানীয়রা জানান, কয়েক যুগ ধরে তিতাস নদীর উপর দিয়ে পারাপার হতে বর্ষাও শুষ্ক মৌসুমে নৌকা ছিল এলাকাবাসীর অবলম্বন। এখন স্বস্তি তাদের মনে।  প্রান্তিক জনপদের কৃষি নির্ভরশীল মানুষেরা তাদের উত্পাদিত ফসলাদি বাজারে আসা নেয়ার ক্ষেত্রেও অনেক কষ্ট করতে হয়। তাই এ অঞ্চলের মানুষের চলাচলের সুবিধাসহ  জীবন মান উন্নয়নের জন্য ব্রিজটি স্থায়ীভাবে নির্মাণের দাবি জানান।
 
স্কুল শিক্ষার্থী লাবুল মিয়া বলেন, আমাদের প্রায় সময় স্কুলে যেতে হলে আমাদের বই খাতা পানিতে পড়ে যেত। বর্ষা মৌসুম আসলে দুর্ভোগ আরো বেশী হত।
 
আরেক শিক্ষার্থী মারুফ হোসেন বলেন, চলা ফেরার জন্য আপাতত ব্যবস্থা হয়েছে। ব্রিজটি স্থায়ীভাবে নির্মাণের জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে।
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান আলী আকবর বলেন, এলাকার প্রাক্তণ ছাত্ররা যে কাজটি করেছে তার জন্য তাদের আমি ধন্যবাদ জানাই। এ বিষয়ে নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম বলেন, এখানে স্থায়ীভাবে ব্রিজটি নির্মাণে জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। আর্থিক অনুদানের বরাদ্দ পেলেই দরপত্র আহবান করা হবে।
গতকাল শনিবার বিকেলে ব্রীজটি আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভির সিনিয়র রিপোর্টার হাসান জাবেদ। উপস্থিত ছিলেন নবীনগর উপজলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, ঢাকা মহানগর  দায়রাজজ আদালতের এপিপি অ্যাডভোকেট সালাউদ্দিন, রসুল্লাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবর সহ গ্রামের গণমান্য ব্যক্তিরা ও ৯৭ ব্যাসের শিক্ষার্থীরা।
 

ইত্তেফাক/এএম