সিদ্ধিরগঞ্জে সাংবাদিক আরিফ হোসেন নিখোঁজ

 
চারদিন ধরে নিখোঁজ রয়েছেন দৈনিক ডেসটিনি পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো.আরিফ হোসেন। এ ঘটনায় শনিবার থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ সাংবাদিক আরিফ হোসেনের মামা নুরু মিয়া।
 
জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সিদ্ধিরগঞ্জ এলাকায় তার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। ওই দিন থেকে তার ব্যবহূত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।
 
আরিফ হোসেন (২২) লক্ষীপুর জেলার পাঁচপাড়া এলাকার আবুল খায়েরের পুত্র। তিনি সিদ্ধিরগঞ্জের পাগলাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
 
আরিফ হোসেনের মামা নুরু মিয়া জানান, সিদ্ধিরগঞ্জ এমএস টাওয়ারের অফিসে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন আরিফ হোসেন। এরপর থেকেই তিনি নিখোঁজ। তার ব্যবহূত দুইটি মোবাইল নম্বরই বন্ধ পাওয়া যাচ্ছে। পরিবার, সহকর্মী ও বন্ধুবান্ধবের কাছে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় উদ্বিগ্ন তার স্বজন ও সহকর্মীরা। আরিফ হোসেনের সন্ধান চেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। জিডি নং-১৩৪, তাং-৩/২/১৮ইং।
 
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মিয়া জানান, আরিফ হোসেনের খোঁজে পুলিশ কাজ শুরু করেছে। বিভিন্ন পর্যায়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে। তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাবে না।
 

ইত্তেফাক/এএম