চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

 চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রুহুল আমিন (৪২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার শংকরচন্দ্র ইউনিয়নের উকতো গ্রামের জহুর আলীর বাঁশবাগানে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এক বস্তা ফেনসিডিল, ১টি শাটারগান, ২টি ধারালো অস্ত্র, ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ৩ পুলিশ অফিসার আহত হয়েছেন। নিহত রুহুল আমিন শহরের শান্তিপাড়ার মৃত মফিজ উদ্দিনের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ মোহাম্মদ ফকরুল আলম খান জানান, মাদকদ্রব্যের বড় একটি চালান আসার খবরে পুলিশ শুক্রবার রাতে ঘটনাস্থলে গেলে একদল মাদক ব্যবসায়ী গুলি ও বোমা ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক পাচারকারীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। সেই ব্যক্তি মাদক ব্যবসায়ী রুহুল আমিন বলে শনাক্ত করা হয়। তাকে সদর হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। রুহুলের বিরুদ্ধে জেলায় অস্ত্র ও মাদকসহ ১৬টি মামলা রয়েছে।