মালদ্বীপে প্রেসিডেন্টকে অভিশংসনের বিরুদ্ধে আদালতকে সতর্ক করলো সরকার

মালদ্বীপের সরকার রবিবার সেনাবাহিনী ও পুলিশকে দেশটির প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে গ্রেফতার বা অভিশংসনে সুপ্রিম কোর্টের যেকোনো পদক্ষেপ রুখে দেয়ার আদেশ দিয়েছে। রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে আদালতের আদেশ অমান্য করায় দেশটির সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে গ্রেফতার বা অভিশংসন করতে পারে বলে আশঙ্কা করছে সরকার। খবর এএফপি’র।
 
পুলিশ রবিবার বিদেশ থেকে ফিরে আসা দুই বিরোধী দলীয় আইনপ্রণেতাকে গ্রেফতার করেছে। প্রধান বিরোধী দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমপিডি) জানায়, দলের এমপিরা সংসদ স্থগিত করার আদেশের প্রতিবাদে একটি সভা করতে চেয়েছিলেন। কিন্তু সশস্ত্র বাহিনী তাদের ফিরিয়ে দিয়েছে। রবিবার সকালে পার্লামেন্টের সেক্রেটারি জেনারেল আহমেদ মোহামেদ সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করেই পদত্যাগের ঘোষণা দেন। নিরাপত্তার কারণে চলতি বছরের প্রথম পার্লামেন্ট অধিবেশন অনির্দিষ্টকালের জন্যে স্থগিত করার পরই পার্লামেন্টের সেক্রেটারি জেনারেল পদত্যাগের এ ঘোষণা দেন। সোমবার পার্লামেন্ট অধিবেশন শুরুর কথা ছিল।
IMG0
এদিকে মালদ্বীপে পার্লামেন্টের সেক্রেটারি জেনারেলের পদত্যাগের প্রেক্ষাপটে বিরোধী আইনপ্রণেতারা পার্লামেন্ট ভবন চত্বরে প্রবেশের চেষ্টা করায় সেনাবাহিনী ভবনটি ঘিরে রেখেছে। অন্যদিকে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বিপুল সেনা উপস্থিতি সত্ত্বেও কিছু বিরোধী আইনপ্রণেতাকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়েছে। দেশটির সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার স্বেচ্ছা-নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ কারাদণ্ড প্রাপ্ত রাজনৈতিক নেতাদের অবিলম্বে মুক্তির নির্দেশ দেয়ার পর মালদ্বীপে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়।
IMG1
এদিকে স্থানীয় গণমাধ্যম জানায়, মালদ্বীপের সরকার রবিবার দেশটির প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে গ্রেফতারে সুপ্রিম কোর্টের একটি আসন্ন নির্দেশের কথা প্রকাশ করে। তবে পুলিশ ও সেনাবাহিনী জোর দিয়ে বলছে, তারা এ আদেশ কার্যকর করবে না। সেনা ও পুলিশ প্রধানের পাশে বসে দেশটির এটর্নি জেনারেল মোহাম্মদ আনিল সাংবাদিকদের বলেন, সরকার খবর পেয়েছে যে, প্রেসিডেন্ট ইয়ামিনকে গ্রেফতারে সুপ্রিম কোর্টের একটি নির্দেশ অত্যাসন্ন। তবে তিনি এ পদক্ষেপকে ‘অসাংবিধানিক’ অভিহিত করে বলেন, সেনাবাহিনী ও পুলিশ প্রেসিডেন্টকে গ্রেফতারের যেকোনো আদেশ প্রত্যাখ্যান করবে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু