ভারত সরকার নয় কোটি টাকা ব্যয়ে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের পাঁচটি জেলায় ৩৬টি কমিউনিটি ক্লিনিক নির্মাণের জন্য অর্থায়ন করছে। ভারত সরকারের ‘এইড টু বাংলাদেশ’ প্রোগ্রামের আওতায় প্রকল্পটি বাস্তবায়িত হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ২০১৭ সালের ২৩ অক্টোবর তার ঢাকা সফরকালে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ এ প্রকল্প উদ্বোধন করেন।
ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা ও বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সুনামগঞ্জের ছাতকে এধরনের প্রথম কমিউনিটি ক্লিনিকের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা পার্টনারস ইন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট (পিপিডি) এর প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
IMG0
ভারত সরকারের অর্থায়নে এই প্রকল্পের আওতায় মোট নয় কোটি টাকা ব্যয়ে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের পাঁচটি জেলা- সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর এবং শেরপুরে ৩৬টি কমিউনিটি ক্লিনিক নির্মিত হবে। ইতোমধ্যেই ভারত সরকার প্রকল্পের কাজ শুরু করার জন্য সাড়ে চার কোটি টাকা দিয়েছে।
দেশের প্রান্তিক জনগণকে চিকিৎসা সেবা পৌঁছে দিতে বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় সহায়তা করছে ভারত সরকার। প্রতিটা কমিউনিটি ক্লিনিকে প্রায় ছয় হাজার মানুষকে সেবা দেয়া সম্ভব। এই ক্লিনিকগুলো মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবাগুলোকে গুরুত্ব দিয়ে প্রান্তিক মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছে দেবে।
IMG1
ভারত সরকার বাংলাদেশের শিক্ষা, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, পানি, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি খাতে বিভিন্ন ধরনের প্রকল্পের উদ্যোগ নিয়েছে। ভৌগোলিক বিস্তার, আর্থ-সামাজিক সুবিধা এবং বাংলাদেশ সরকারের অগ্রাধিকার বিবেচনা করে প্রকল্পগুলো নির্বাচন করা হয়েছে। গত পাঁচ বছরে, ভারত সরকারের ‘এইড টু বাংলাদেশ’ প্রোগ্রামের আওতায় ১১২ কোটি টাকা মূল্যমানের মোট ২৯টি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। ২০১৭ সালে, ১ হাজার ১শ’ কোটি টাকা ব্যয়ে ৫৯টি প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন স্তরে রয়েছে।
ইত্তেফাক/সেতু