৯৩ দেশে পা রেখেছেন নাহার

 
লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার বিশ্বের ৯৩টি দেশ ভ্রমণ করেছেন। রবিবার দুপুরে শহরের মাদাম এলাকায় স্থানীয় একটি এনজিও অফিসে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
 
এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, নাহারের বোন রাবেয়া বেগম, ভগ্নিপতি শাখায়েত উল্যা, ভাই হাফিজ আহমেদ দৌলন প্রমুখ।
 
নাজমুন নাহার বলেন, নারীরা এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে, অনেক মানুষ অর্থ উপার্জন করে গাড়ি বাড়ি, দামি জিনিসপত্র ক্রয় করেন। কিন্তু আমি তা না করেই উপার্জিত অর্থ দিয়ে বিশ্ব ঘুরেছি। ভ্রমণকালে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছি। ছেলেদের পাশাপাশি মেয়েরা ইচ্ছা করলেই অনেক দূর এগিয়ে যেতে পারে আমি সেটাই প্রমাণ করেছি। পৃথিবীটা আমার অনেক পছন্দের। এটা যখন আমি দেখি তখন মনে হয় এখনো তো পৃথিবীর কিছুই দেখিনি। আমি এখন পর্যন্ত বিশ্বের ৯৩টি দেশের অসংখ্য স্থান চষে বেড়িয়েছি। বেশিরভাগ দেশই আমি ঘুরে বেড়িয়েছি একা একা। আমার ইচ্ছা পুরো পৃথিবী ঘুরে বেড়ানোর। পৃথিবীকে কাছ থেকে জানার জন্যই আমি জন্ম নিয়েছি। ব্যক্তিগত কোন উদ্দেশ্য নেই আমার।
 
ভ্রমণ করেছি তা সবার সামনে তুলে ধরতে চাই। মন থেকে খারাপ চিন্তা সরাতে হবে। দেশ ও মানুষের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। ৯৩টি রাষ্ট্রে ভ্রমণকালে ৩বার মৃত্যুর মুখোমুখি হয়েছি তবুও হাল ছাড়েনি। যদি ভ্রমণে মৃত্যু হতো তা গ্রহণ করতাম।
 
রাজশাহী বিশবিদ্যালয়ে পড়ার সময় ২০০০ সালে প্রথম বাংলাদেশের বাইরে আমি যাত্রা শুরু করি ইন্ডিয়ার পাঁচমারিতে ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার প্রোগ্রামে যোগ দেয়ার মাধ্যমে। সেই থেকে শুরু করে এখন পর্যন্ত বিশ্বের নানা দেশ ঘুরে বেড়িয়েছি। ২০১৬ ও ২০১৭ সালে ঘুরেছি ৩৫টি দেশ। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালে ৯৩তম দেশ হিসেবে ভ্রমণ করেছি নিউজিল্যান্ড।
 
তিনি বলেন, খুব শিগগিরই আমি ১০০টি দেশ ভ্রমণ পূর্ণ করবো। আমার ইচ্ছা এ বছরই বাংলাদেশের পতাকাকে ঘুরে বেড়ানো ১০০তম দেশে উত্তোলন করাবো।
 
নাজমুন নাহার ১৯৭৯ সালের ১২ ডিসেম্বর লক্ষ্মীপুর সদর উপজেলার গঙ্গাপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। ব্যবসায়ী বাবা মোহাম্মদ আমিন ২০১০ সালে পৃথিবী ছেড়ে গেছেন। মা তাহেরা আমিন। ৩ ভাই এবং ৫ বোনের মধ্যে নাজমুন নাহার সবার ছোট।
 
ইত্তেফাক/আরকেজি