ময়মনসিংহের ফুলপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহিবুল হক টুকুলকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ৯টার দিকে থানা রোড বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে পুলিশ তাকে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করে। এ সময় পুলিশের উপ-পরিদর্শক(এসএই) সাইদুল হক, উপ-পরিদর্শক সুমন মিয়া ও সহকারি উপ-পরিদর্শক(এএসআই) মাহমুদুল হাসান আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলছে, বিএনপি কার্যালয়ের সামনে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন টুটুল। এ সময় টুটুলকে আটকানোর চেষ্টা করে পুলিশ। টুটুল মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মোটর সাইকেলের ধাক্কায় তিন অফিসার ছিটকে পড়ে আহত হন।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) এ.কে.এম মাহবুব আলম ইত্তেফাককে বলেন, টুকুলকে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করতে গেলে ছাত্রদলের নেতা-কর্মীদের হামলায় পুলিশের তিনজন অফিসার আহত হয়েছেন।
ফুলপুর উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি শাহ্ শহীদ সারোয়ার ইত্তেফাককে বলেন, বিরোধী দলীয় নেতা-কর্মীদের কন্ঠ রুদ্ধ করার জন্যই অন্যায়ভাবে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। এতে স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীরা গ্রেফতার আতঙ্কে রয়েছেন।
ইত্তেফাক/নূহু