স্বামীর ধারলো ছুরির আঘাতে চট্টগ্রামের সাতকানিয়ায় চার সন্তানের মায়ের মৃত্যু হয়েছে। নিহতের নাম মনোয়ারা বেগম (৪০)। আজ সোমবার দুপুরে উপজেলার চরতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মধ্যম চরতী নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার চরতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্যম চরতী নতুন পাড়া এলাকায় আবদুল করিম ও তার স্ত্রীর মনোয়ারা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। আজ সকাল ৮ টার দিকে স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ শুরু হলে স্বামী আবদুল করিম ধারালো ছুরি নিয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করেন। এতে মনোয়ারার হাত, পেট ও গলায় গুরুতর রক্তাক্ত আঘাত হলে স্থানীয়রা তাকে প্রথমে বিজিসি ট্রাস্ট হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ জানুয়ারি দুপুর দেড়টার সময় মনোয়ারার মৃত্যু হয়।
এ ব্যাপারে সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের চেয়ারম্যান ডা. রেজাউল করিম ইত্তেফাককে বলেন, ধারণা করছি, পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। তাদের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক মুহাম্মদ হারুনুর রশিদ ইত্তেফাককে জানান, ঘটনাস্থল তিনি পরিদর্শন করেছেন।এলাকার লোকজনের কাছ থেকে শুনেছেন পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটছে।
ইত্তেফাক/কেকে