জামালপুর-সরিষাবাড়ী রেলপথের বাউসি ফুলবাড়িয়া এলাকায় যমুনা সেতুগামী যাত্রীবাহী ধলেশ্বরী ট্রেনের সাথে নছিমনের সংঘর্ষে ট্রেন লাইনচুত্য হয়েছে। এসময় ট্রেনের ধাক্কায় নছিমন চালক মিলন মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এসময় ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে ৪ জন যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনার পর জামালপুর-বঙ্গবন্ধু সেতু রেল পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার বেলা আড়াইটায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মিলন মিয়া টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
ধলেশ্বরী ট্রেন যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ বিকট শব্দে ট্রেনটি থেমে যায়। যাত্রীরা আতঙ্কিত হয়ে লাফালাফি শুরু করে। অনেকেই ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন। ট্রেন থেকে নেমে তারা লেভেল ক্রসিংয়ে গিয়ে দেখতে পান একটি নছিমনগাড়ি ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ভেঙে গেছে। নছিমনের চালক ঘটনাস্থলেই মারা গেছেন। এদিকে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত না হলেও ইঞ্জিনের পরের তিন নম্বর বগিটি লাইন চ্যুত হয়েছে। দুর্ঘটনার পরপর আশপাশের হাজারও মানুষ সেখানে ভীর জমায়।
এ বিষয়ে জামালপুর রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা পর ট্রেনটি উদ্ধারের জন্য ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে যায়।
ইত্তেফাক/ রেজা