শ্রম আপিল ট্রাইব্যুনাল আদালতের আদেশ অনুসারে ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশনের সার্টিফিকেট প্রদান না করায় শ্রম মহাপরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন।
রেজিস্ট্রেশন প্রদানের নির্ধারিত আইনানুগ সময় অতিবাহিত হলেও শ্রম মহাপরিচালকের দপ্তর থেকে আশাব্যঞ্জক সাড়া না পেয়ে আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষে সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ শাফিকুর রহমান মাসুদ শ্রম আপিল ট্রাইবুনালে শ্রম মহাপরিচালক কর্তৃক আদালত অবমাননার অভিযোগের মামলা করা হয়।
মামলার প্রাথমিক শুনানি শেষে ট্রাইবুনাল শ্রম মহাপরিচালকের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেন। যার জবাব আগামী ৭দিনের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালের জুলাই মাসে ইউনিয়নটি গঠিত হয়ে শ্রম পরিচালকের নিকট রেজিস্ট্রেশন আবেদন করে। পরে মামলার আইনি প্রক্রিয়া শেষে ২০১৬ সালের জুন মাসে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন এর পক্ষে রায় প্রদান করেন শ্রম আপীল ট্রাইবুনাল।
আজ সোমবার সকালে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের শতাধিক নেতা-কর্মী ঢাকার দৈনিক বাংলা মোড়ে অবস্থিত শ্রম পরিদপ্তর কার্যালয়ের সামনে একটি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেন। উক্ত কর্মসূচিতে বক্তারা অনতিবিলম্বে আদালতের রায় কার্যকর করে উক্ত ইউনিয়নের রেজিস্ট্রেশন প্রদান করার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, এদেশের কর্পোরেট সেক্টরে ইতিবাচক ও আদর্শিক ইউনিয়ন চর্চার মাধ্যমে তারা একটি উদাহরণ সৃষ্টি করতে চান।
ইত্তেফাক/এমআই