রাণীনগরের যাত্রী ছাউনিগুলো অবৈধ দখলে

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

রাণীনগরের একাধিক প্রধান সড়কের পাশে নির্মিত যাত্রী ছাউনিগুলো অবৈধভাবে দখলে যাওয়ায় সেগুলো অকেজো হয়ে পড়ে আছে। ব্যবহার করতে পারছেন না যানবাহনের জন্য রাস্তায় অপেক্ষারত যাত্রী সাধারণরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নওগাঁ হতে রাণীনগরের পূর্বাঞ্চল আবাদুপুকর হয়ে কালীগঞ্জ যাওয়ার সড়কের পাশে এবং নওগাঁ হতে রাণীনগর দিয়ে আত্রাই যাওয়ার সড়কের একাধিক স্থানে রাস্তায় অপেক্ষমাণ যাত্রী সাধারণদের বসার জন্য জেলা পরিষদের অর্থায়নে নির্মাণ করা হয়েছিল যাত্রী ছাউনি। বর্তমান সময়ে এই সব রাস্তা দিয়ে যাত্রীবাহী বাসের চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী ছাউনিগুলো আর ব্যবহূত হয় না। এই সব প্রধান প্রধান সড়কে সিএনজি, অটোরিকশা, অটোভ্যান, অবৈধ ভটভটিসহ বিভিন্ন যানবাহন প্রায় পাঁচ মিনিট পরপর যাতায়াত করছে যার কারণে রাস্তায় এসে যাত্রী সাধারণদের আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় না।

খানপুকুর এলাকার যাত্রী আব্দুল খালেক, আমিনুল ইসলামসহ অনেকে বলেন, যাত্রী ছাউনিগুলো অবৈধ দখলের কারণে আর ব্যবহার করা যায় না। আর এই রাস্তাগুলো দিয়ে বর্তমানে অনেক যানবাহন চলাচল করায় যাত্রী ছাউনিতে আর অপেক্ষা করার প্রয়োজন হয় না। তাই সরকার এই জায়গাগুলো উদ্ধার করে দোকান কিংবা মার্কেট নির্মাণ করে সঠিক ব্যবহার নিশ্চিত করবে এমনটাই দাবি আমাদের সকলের।

জেলা পরিষদের সদস্য আব্দুল মান্নান বলেন, উপজেলার বিভিন্ন প্রধান সড়কে আর যাত্রীবাহী বাস চলাচল করে না। আর আগের চেয়ে রাস্তায় এখন অনেক বেশি যাত্রীবাহী যানবাহন চলাচল করে। রাস্তায় এসে যাত্রীদের আর বেশি সময় অপেক্ষা করতে হয় না। যার কারণে নির্মিত যাত্রী ছাউনিগুলো আগের মতো আর ব্যবহূত হয় না। অব্যবহূত যাত্রী ছাউনিগুলো উদ্ধার করে সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য জেলা পরিষদ একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। অতিদ্রুত বাস্তবায়ন করা হলে যাত্রী ছাউনিগুলো আর অবৈধ দখলে থাকবে না।