পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছে বিউটি!

স্টাফ রিপোর্টার, বগুড়া

লেখাপড়ার অদম্য ইচ্ছাশক্তি থাকায় শারীরিক প্রতিবন্ধিতাও দমাতে পারেনি বিউটি আক্তারকে। দুই হাত নেই, কিন্তু আছে পা। সেই পা দিয়েই এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বিউটি আক্তার। জন্ম থেকেই দুই হাত নেই। এ অবস্থায় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে দিয়েছিলেন বাবা-মা। প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে মাধ্যমিক বিদ্যালয়। এরপর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছিল। এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। বগুড়ার দুপচাঁচিয়া জাহানারা কামরুজ্জামান (জে কে) কলেজের পরীক্ষা কেন্দ্রে বেঞ্চের ওপর বসে পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে সে। বিউটি আক্তার দুপচাঁচিয়া মহিলা ডিগ্রী কলেজের ছাত্রী। সে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের বায়েজিদ প্রামাণিকের মেয়ে। বিউটি আক্তার জানায়, তার ইচ্ছে বড় হয়ে চিকিত্সক হওয়া। নিজে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত লেখাপড়া চালিয়ে যাবে।

বিউটির বাবা বায়েজিদ প্রামাণিক বলেন, জন্ম থেকেই বিউটির দুটি হাত নেই। তাকে নিয়ে প্রথমে খুবই কষ্ট হয়েছিল। তার ইচ্ছায়ই পড়ালেখার ব্যবস্থা করেছি। জে কে কলেজের কেন্দ্রসচিব অধ্যক্ষ আবদুল মজিদ বলেন, পরীক্ষার শুরুতেই তার অবস্থা জানতে পেরে আলাদা কক্ষে পরীক্ষার ব্যবস্থা করেছিলাম। কিন্তু সে তার সহপাঠীদের সঙ্গেই পরীক্ষা দেবে। এছাড়া প্রতিবন্ধীদের অতিরিক্ত সময় দেয়ার বিষয়ে ইনভিজিলেটরদের নির্দেশনা দেয়া আছে। দুটি পরীক্ষায় সে অতিরিক্ত সময় নেইনি। দুপচাঁচিয়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শামসুল হক জানান, প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও নিয়মিত ক্লাস করতো সে। মেধাবী বিউটি আক্তার এইচএসসি পরীক্ষায় ভালো করবে বলে তিনি আশাবাদী।