অনশন নয়, রাজপথের আন্দোলনে খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে

বগুড়ায় বিএনপির গণ অনশনে দুলু

স্টাফ রিপোর্টার, বগুড়া

বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শুধু অনশন করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না, তাকে রাজপথে আন্দোলনের মাধ্যমে মুক্ত করে আনতে হবে। এ জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির গণ অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি এবং তার বড়ো ছেলে দলটির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজা বাতিলসহ সব মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার সকালে গণ অনশন কর্মসূচির আয়োজন করা হয়। শহরের নওয়াববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি আয়োজিত ওই কর্মসূচিতে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন, বিশ দলীয় জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন। বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময়ে বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সহ-সভাপতি আলী আজগর তালুকদার হেনা, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান প্রমুখ।