ফুলবাড়িতে গণশিক্ষামন্ত্রীর লুট হওয়া গাভি উদ্ধার, আটক ৫

দিনাজপুরের ফুলবাড়িতে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফিজারের গরুর খামার থেকে লুট হওয়া ১০টি বিদেশি গাভির মধ্যে চারটি গাভি উদ্ধার করেছে পুলিশ। 
 
মঙ্গলবার ফুলবাড়ি থানার পুলিশ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার একটি গরুর খামার গাভিগুলো উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। তবে লুট হওয়া অন্য গাভিগুলো উদ্ধার করতে পারেনি পুলিশ। 
 
ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব বলেন, গণশিক্ষামন্ত্রীর গরু খামারের গরু লুটের ঘটনার পর থেকে এ পর্যন্ত গাভি উদ্ধারসহ জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে পাটগ্রামের একটি খামারে অভিযান চালিয়ে মন্ত্রীর লুট হওয়া ১০টি গাভীর মধ্যে চারটি উদ্ধার করাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। অন্যগুলো উদ্ধারের অভিযান চলছে।
 
ইত্তেফাক/ইউবি