পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
পাইকগাছায় কালবৈশাখী ঝড়ের তিনদিন অতিবাহিত হলেও ক্ষতিগ্রস্ত কোনো পরিবার এখনো সরকারি সহায়তা পায়নি। ক্ষতিগ্রস্ত অনেক পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে।
স্থানীয়রা জানান, গত ৯ এপ্রিল সন্ধ্যায় শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় আঘাত হানে এলাকায়। এ বছর যে কয়টি কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে ওইদিন ঝড়ের গতি ছিল অনেক বেশি। ওইদিনের ঝড়ে ১০টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় চাঁদখালী।
কৈয়াসিটিবুনিয়া গ্রামের তনজিলা বেগম জানান, তিনদিন হলো এখনো আমরা কোনো সহায়তা পাইনি। এমনকি আমাদের খোঁজ নিতেও কেউ আসেনি। আওয়ামী লীগ নেতা জিএম ইকরামুল ইসলাম জানান, আমি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত অনেক স্থানে গিয়েছি। অসংখ্য পরিবার এখনো ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করতে পারেনি। এসব দরিদ্র পরিবারের জন্য টিন ও অন্য সামগ্রীসহ সরকারি সাহায্য প্রয়োজন।