খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে জনগণই তা প্রতিহত করবে। আইন-শৃঙ্খলা বাহিনীও যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে প্রস্তুত রয়েছে।
মঙ্গলবার বিকালে ১৯ বঙ্গবন্ধু এভিনিউর ২য় তলায় বিএনপি-জামায়াত অপশক্তি কর্তৃক সন্ত্রাস, নৈরাজ্য ও জনমনে আতংক সৃষ্টির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
আইনের প্রতি শ্রদ্ধা রেখে বিচারের রায় মেনে নিতে খালেদা জিয়ার প্রতি আহবান জানিয়ে কামরুল ইসলাম বলেন, আপনার আইনজীবীরা বিভিন্ন অজুহাতে বিচারিক কার্যক্রমকে বিলন্বিত করেছেন। যথেষ্ট সময় নিয়ে বিচার কার্য চলেছে। তিনি বলেন, এ মামলা তত্বাবধায়ক সরকারের আমলের। এখানে কোন রাজনীতি নেই।
বিশেষ অতিথির বক্তব্যে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, সকল জনপ্রতিনিধিদের নিয়ে আওয়ামী লীগ কর্মীরা এদিন মাঠে থেকে বিএনপিকে প্রতিহত করবে। তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা দেয়ার দায়িত্ব আমাদের। তাই যাতে মানুষের জানমালের নিরাপত্তা থাকে সেজন্য পুলিশের সাথে কাজ করবে ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ বলেন, এদিন প্রতিটি পাড়া-মহল্লায় মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা-কর্মীরা শান্তিপূর্নভাবে অবস্থান গ্রহণ করবে এবং শান্তি শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সহ-সভাপতি আবু আহম্মেদ মন্নাফী, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ।
ইত্তেফাক/এমআই