বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্ট আইন ২০১৮’র খসড়াতে মুক্তিযোদ্ধার অবর্তমানে সুবিধাভোগী হিসেবে ছেলে মেয়ের নাম না থাকার প্রতিবাদে কুষ্টিয়ার মিরপুরে সাংবাদ সম্মেলন হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র আয়োজনে সংবাদ সম্মেলনের বক্তারা বলেন, সম্প্রতি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্ট আইন’র খসড়া প্রকাশ করা হয়েছে। সেখানে মুক্তিযোদ্ধার অবর্তমানে সুবিধাভোগী হিসেবে তার স্ত্রী, স্বামী, পিতা, মাতার কথা বলা হলেও ছেলে-মেয়ের নাম দেওয়া হয়নি।
এটি একটি অন্যায় প্রস্তাব ও অবৈধ আইন হিসেবে উল্লেখ করে মুক্তিযোদ্ধারা বলেন, বর্তমান মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার যখন চাকরিসহ মুক্তিযোদ্ধাদের নাতী নাতনীদের পূর্নবাসনের উদ্যোগ নিয়েছে তখন এমন আইন মেনে নেবে না মুক্তিযোদ্ধারা। তাই এই আইন সংশোধন করা হলে বা প্রকাশিত খসড়া আইন বাস্তবায়ন করা হলে আমরণ অনশনসহ বৃহত্তর কর্মসূচী দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এ সময় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সন্তানরা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্দুল্লাহ-আল-মতিন লোটাস’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন খান, মুক্তিযোদ্ধা নজরুল করীম, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা এনামুল হক বিশ্বাস, সাবেক সহকারী কমান্ডার মহম্মদ শরিফ প্রমুখ।
ইত্তেফাক/নূহু