টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
রাজৈরে ছাত্রদের হামলায় প্রধানশিক্ষক আহত হওয়ার ঘটনায় করা চাঁদাবাজি ও চুরির মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার বিক্ষোভ মিছিল করা হয়েছে। বিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা এ বিক্ষোভ করে।
সূত্রে জানা গেছে, রাজৈরের কদমবাড়ী ইউনিয়নের আড়ুয়াকান্দি নটাখোলা বড়খোলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র কিংকন বৈদ্যকে নির্যাতনকে কেন্দ্র করে সম্প্রতি ম্যানেজিং কমিটির সদস্য, বহিরাগত ও ছাত্ররা প্রধানশিক্ষক স্বপন ঠাকুরের উপর হামলা চালায়। এ ঘটনায় গত ১১ এপ্রিল ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২০ জনকে আসামি করে থানায় মামলা করা হয়। ওই মামলা প্রত্যাহার ও প্রধানশিক্ষক স্বপন ঠাকুরের অপসারণ দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।
ওসি মো. শাহজাহান জানান, শিক্ষকের উপর হামলার ঘটনায় চাঁদাবাজি, চুরিসহ অন্যান্য অভিযোগে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহানা নাসরিন জানান, ওই বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।