নৈরাজ্য ঠেকাতে নির্বাচন পর্যন্ত রাস্তায় থাকব: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল এমপি বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায় দেবে আদালত। কি রায় হবে তা আমরা জানি না। তবে এ রায় নিয়ে বিএনপি যদি নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাহলে ওই নৈরাজ্য ঠেকাতে পুলিশ প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগের সকল অঙ্গ-সংগঠন সরকারকে সহযোগিতা করবে। বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যক্রম এবং নৈরাজ্য প্রতিরোধে এখন থেকে নির্বাচন পর্যন্ত আমরা রাস্তায় থাকব। মঙ্গলবার নগরীর টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে বিকালে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগের সদস্য সংগ্রহের জন্য সকলকে উত্সাহিত করতে হবে। দলীয় নেতাকর্মীদের প্রত্যেককেই ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে। কমিটিতে যারা থাকবেন তাদেরকে দলের প্রতিটি সভায় অংশগ্রহণ করতে হবে। সাংগঠনিক পদে থেকে কেউ যদি পরপর ৩টি বা ৫টি সভায় অনুপস্থিত থাকেন, তাহলে তাকে বাদ দিয়ে নতুন কাউকে সে পদে দায়িত্ব দেয়া হবে।

পরিকল্পনামন্ত্রীর সভাপতিত্বে ওই বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি, বিদ্যুত্ ও জ্বালানী মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের, সাবেক এমপি নাছিমুল আলম চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন প্রমুখ।

ইত্তেফাক/নূহু