স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সুপেয় পানি ও কৃষি কাজে ভূ-গর্ভস্থ পানির উপর অধিক হারে নির্ভরশীলতার কারণে ইতোমধ্যে ভূ-গর্ভস্থ পানির স্তর ৩ মিটার হতে ১০ মিটার পর্যন্ত নেমে গিয়েছে। ফলে শুষ্ক মৌসুমে নলকূপে পর্যাপ্ত পরিমাণ পানি পাওয়া যায় না। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান। এলজিআরডি মন্ত্রী বলেন, পৌনে চারশ’ কোটি টাকা ব্যয়ে গৃহীত একটি প্রকল্পের আওতায় সারাদেশে ৮০৯টি পুকুর পুনঃখনন করা হচ্ছে। তাছাড়া পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্পের আওতায় ১৪৩টি পুকুর পুনঃখনন ও ২শটি পুকুর নতুনভাবে খনন করা হচ্ছে। এ জলাধারসমূহের পানি ভূ-স্তরে প্রবেশ করে ভূ-গর্ভস্থ পানির স্তর উন্নতিতে সহায়তা করবে।
সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মুনিম চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রতিটি সমবায় সমিতির হিসাবপত্র প্রতিবছর সমবায় অধিদফতর কর্তৃক নিরীক্ষা করা হয়ে থাকে। সঠিকভাবে নিরীক্ষা কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে সমবায় সমিতি আইনে টেস্ট অডিটের বিধান রয়েছে। সেক্ষেত্রে নিরীক্ষা কর্মকর্তার কোনো ত্রুটি/গাফিলতি পরিলক্ষিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
সরকার দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ‘ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগের এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন রয়েছে।
ইত্তেফাক/নূহু