খালেদা জিয়ার রায় ঘিরে বিশৃঙ্খলা করলে কঠোর হাতে দমন : তোফায়েল

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, রাস্তায় কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করলে তা ঠেকাতে আওয়ামী লীগ নয়, আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামবে। দেশের মানুষের জানমাল রক্ষায় তারা যা যা প্রয়োজন তাই করবে।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে টি রিসার্চ ইনস্টিটিউট, চাইনিজ একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্সেস এবং বাংলাদেশ চা বোর্ডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরো বলেন, তবে আমার বিশ্বাস বিএনপি অতীত থেকে শিক্ষা গ্রহণ করে আগামীতে কোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলার কাজে যুক্ত হবে না। যার মামলার রায় হবে সেই মামলায় তিনি খালাসও পেতে পারেন আবার অন্য কিছুও হতে পারে। বিচারাধীন মামলায় কারো কোনো হস্তক্ষেপ নাই। কোর্ট তার ন্যায়বিচার করবে, সেই অনুযায়ী রায় হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব নিয়ে সরকারের মধ্যে কোনো টেনশন নেই। আমরা অত্যন্ত ভালো অবস্থানে আছি। সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ আলী এবং টি রিসার্চ ইনস্টিটিউট, চাইনিজ একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্সেস’র পরিচালক প্রফেসর ইয়াজুন ইয়ং। অনুষ্ঠানে বাণিজ্য সচিব শুভাশিস বসু, চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল সাফিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু