তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গোরস্থানে চলে গেছে। সে আর বাংলাদেশে ফিরে আসবে না। আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। বিএনপিও সে নির্বাচনে অংশ গ্রহণ করবে নইলে আগামী নির্বাচনের পর বাংলার মাটিতে বিএনপিকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না । গতকাল মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নতুন ভবন উদ্বোধন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম একথা বলেন।
তিনি আরো বলেন, খালেদা জিয়া দোষী হলে সাজা আর নির্দোষ হলে মুক্তি পাবেন। ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মামলার রায় কে কেন্দ্র করে যদি বিএনপি জামায়াত দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করে তা হলে আইন-শৃঙ্খলা বাহিনী ও জনগণ দেখবে। আওয়ামী লীগের কিছু করার নেই। আগামী নির্বাচন আওয়ামী লীগ জোটবদ্ধভাবে করবে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিব ইসমাইল ভুঁইয়া।
এ সময় অন্যদের মধ্যে নারায়ণগঞ্জ—২ (আড়াইহাজার) আসনের এমপি নজরুল ইসলাম বাবু, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার এম এ মোহী পিএসসি, স্বাস্থ্য বিভাগের পরিচালক ঢাকা বিভাগ ডাঃ নিতীশ কান্তি দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডাঃ শান্ত ত্রিবেদী। পরে মন্ত্রী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় বক্তব্য রাখেন। জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজালাল মিয়া।
ইত্তেফাক/নূহু