নিজের বিয়ের সংবাদ নিজেই কভার করলেন সাংবাদিক

 
গ্রাউন্ড জিরো থেকে সংবাদ পরিবেশনের নেশাই চালিত করে একজন সাংবাদিককে। কখনো যুদ্ধবিধ্বস্ত বধ্যভূমির চিত্র ফুটিয়ে তুলতে কিংবা কখনো দুর্নীতির মুখোশ উন্মোচনের তীব্র আকাঙ্ক্ষা থেকে একজন সাংবাদিক ছুটে চলেন অকুস্থলে। সংবাদের জন্য সাংবাদিকদের এই ছুটে চলা চিরন্তন। কিন্তু এদিন সংবাদের উত্স হিসেবে পাকিস্তানের টেলিভিশন সাংবাদিক হানান বুখারি বেছে নিয়েছিলেন নিজের বিয়ের মঞ্চটিকে। বিয়ের দিনও অফিস থেকে ছুটি নেননি বুখারি। নিজের বিয়েই লাইভ সম্প্রচার করেন তিনি। বর বেশে বুম নিয়ে দাঁড়িয়ে পড়েন ক্যামেরার সামনে।
 
দর্শকদের উদ্দেশে বলতে থাকেন, ‘আজ আমার বিয়ে। ভীষণ খুশির দিন। প্রেম করে আমরা বিয়ে করছি।’ কনের পছন্দের স্পোর্টস কার, বাইক নিয়ে আসা হয়। এই আয়োজন সম্পর্কে কনের কাছে জানতে চান সাংবাদিক বুখারি। উত্তরে কনে বলেন, ‘আমার প্রথম ইচ্ছে পূরণ করার জন্য খুব ভাল লাগছে। সারা জীবন এভাবেই আপনাকে পাশে পেতে চাই।’
 
পাক সাংবাদিকের এই ভিডিওটি চ্যানেল কর্তৃপক্ষ ইউটিউবে আপলোড করার পরই ভাইরাল হয়। ফেসবুকেও এই ভিডিওটি ভাইরাল হয়। দেড় লাখের বেশিবার দেখা হয়েছে ভিডিওটি।-এনডিটিভি
 
ইত্তেফাক/মোস্তাফিজ