গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের ক্ষমতাসীন দলের এমপি মঞ্জরুল ইসলাম লিটন হত্যা মামলার প্রধান আসামি সাবেক এমপি (অব.) কর্নেল আব্দুল কাদের খাঁনসহ আট আসামিকে অভিযুক্ত করে চার্জ গঠন করেছেন আদালত। আজ বুধবার দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা শুনানি শেষে এই চার্জ গঠন করেন।
এ সময় সাবেক এমপি (অব.) কর্নেল আব্দুল কাদের খাঁনসহ সাতজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। চার্জশিটভুক্ত অপর আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পলাতক আছেন। অভিযুক্ত ওই ৬ আসামিরা হলেন- কাদের খানের পিএস শামছুজ্জোহা, তার ব্যক্তিগত গাড়ি চালক আব্দুল হান্নান, ভাড়া করা কিলার মেহেদী হাসান, শাহীন মিয়া, রানা মিয়া ও কসাই সুবল চন্দ।
গাইবান্ধা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. শফিকুল ইসলাম শফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, 'এমপি লিটন হত্যা মামলায় ২০১৭ সালের ৩০ এপ্রিল কাদের খাঁনসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ। পূর্বের ধার্য তারিখ অনুযায়ী সাবেক এমপি আবদুল কাদের খাঁনসহ সাত আসামিকে বুধবার জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে বিচারক আসামিদের উপস্থিতি শুনানি শেষে চার্জ গঠন করেন।
তিনি আরও বলেন, 'ভারতে পালিয়ে থাকা মামলার চার্জশিটভুক্ত অপর আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতা চন্দন কুমারকে গ্রেপ্তার ও তার বাড়ি ক্রোকে আদেশ জারি করে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। দ্রুত তাকে গ্রেপ্তার দেশে আনার প্রক্রিয়া চলছে।'
এছাড়া কাদের খাঁনের বিরুদ্ধে পৃথকভাবে দায়ের হওয়া অস্ত্র আইন মামলায় আদালতে গত ৯ এপ্রিল অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বর্তমানে অস্ত্র আইন মামলায় আদালতে সাক্ষী গ্রহণের পর বিচার কাজ চলছে।
প্রসঙ্গত, বিগত ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জের শাহবাজ (মাস্টারপাড়া) গ্রামে নিজ বাড়িতে আততায়ীদের গুলিতে আহত হন সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। গুরুতর আহতাবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। ০১ ডিসেম্বর এ ঘটনায় লিটনের বোন ফাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
ইত্তেফাক/এসএস