বদরগঞ্জে ব্যবসায়ীর লাশ উদ্ধার, স্ত্রীসহ গ্রেফতার ৩

বদরগঞ্জে মোজাহারুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে বদরগঞ্জ পৌরশহরের রেলস্টেশন এলাকার শ্বশুর বাড়ির দরজার সামনে থেকে তার ওই লাশ উদ্ধার করা হয়। 
 
মোজাহারুল ইসলামের বাড়ি বদরগঞ্জ পৌরশহরের ফেচসিপাড়া গ্রামে। তিনি ওই এলাকার ইউনুস আলীর ছেলে। মোজাহারুল দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা সদরে মসলার ব্যবসা করতেন। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মোজাহারুলের বড় ভাই জাহারুল ইসলাম বাদী হয়ে বদরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় শ্বশুর আবু বক্কর সিদ্দিক, শাশুড়ি মর্জিনা বেগম, স্ত্রী শিউলি বেগম, ভায়রা আতাউর রহমান ও তার স্ত্রী বিউটি বেগমকে। 
 
পুলিশ এজাহার ভুক্ত আসামি ও নিহেতের স্ত্রী শিউলি বেগম, শাশুড়ি মর্জিনা বেগম এবং শ্বশুর আবু বক্করকে গ্রেফতার করেছে। তবে তাকে কী কারণে হত্যা করা হয়েছে এখনো এর কোনো রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।
 
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন মোজাহারুল। বুধবার সকালে শ্বশুর বাড়ির দরজা সামনে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকার লোকজন।
 
নিহেতের বড় ভাই জাহারুল  ইসলাম অভিযোগ করে বলেন- আমার ছোট ভাইয়ের স্ত্রী শিউলি পরকীয়ায় আসক্ত ছিল। এতে ছোট ভাই বাধা দেয়ায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে শ্বশুর বাড়ির লোকজন।
 
বদরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তপন রায় বলেন, মোজাহারুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
 
বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহেতের স্ত্রীসহ এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে