২০ বছর বন্দি থাকার পর ৪০ বছর বয়সী এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। ভারতের উত্তর গোয়ার সানকুয়েলাম গ্রামে গোয়া পুলিশ এবং জেলার আইন পরিষেবা সংক্রান্ত সংস্থাক স্বেচ্ছাসেবীরা ওই নারীকে গত মঙ্গলবার উদ্ধার করে। ওই নারীর মা ও ভাই তাকে এতো বছর ধরে বন্দি করে রেখেছিলেন।
ওই নারীকে বর্তমানে আসিলো জেলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সপ্তাহে ওই নারীর এক তুতো ভাইয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে উদ্ধার করে। দু দশক আগে যখন কলেজ ছাত্রী ছিলেন, তখন তাকে একটি ঘরে বন্দি করা হয়।
ঘটনার সূত্রপাত জানতে হলে বেশ কয়েক বছর পিছিয়ে যেতে হবে। ২০ বছর আগে পছন্দের মানুষকে বিয়ে করে মুম্বাই চলে যান ওই নারী। কিন্তু মুম্বাই পৌঁছে তিনি দেখেন, তার স্বামী আগে থেকেই বিবাহিত। তার স্ত্রী রয়েছে। প্রেমে প্রতারিত হয়ে উত্তর গোয়ায় নিজের পরিবারের কাছে ফিরে আসেন ওই নারী। কিন্তু, তার পরিবারের বক্তব্য, তখন থেকেই আচার-আচরণে অসংলগ্নতা লক্ষ্য করা যায়। তাই তাকে ঘরে আটকে রাখা হয়।
বিচোলিম থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক সঞ্জয় দালভি জানান, এই ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি। বর্তমানে ওই নারী চিকিৎসাধীন। তার সঙ্গে কথা বলার অনুমতি পাওয়ার পর তার বয়ান রেকর্ড করা হবে।
ইত্তেফাক/ইউবি