বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রংপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব ও পুলিশের পাশাপাশি মাঠে নামছে বিজিবি। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে ৫জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।
এ ব্যাপারে রংপুরের জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে রংপুরে ৫জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া অতিরিক্ত আরও ২জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনী মহানগরীতে টহল দিবে। ৮ উপজেলার মধ্যে ৬ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বিজিবি টহল দিবে। তবে পীরগাছা ও কাউনিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা না থাকায় সেখানে আরও ২ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি দায়িত্ব পালন করবেন।
এদিকে কোতোয়ালি থানার ওসি (গোয়েন্দা) আনোয়ারুল ইসলাম জানান, জামায়াত নেতা আবুল কালাম আজাদের কামারপাড়া বাসায় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সমবেত হয়ে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে মঙ্গলবার রাতে কোতোয়ালি থানার এসআই এরশাদ আলী বাদী হয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০/৪০জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছে রংপুর মহানগরীর বিএনপির প্রচার সম্পাদক সেলিম চৌধুরী, সহ-দফতর সম্পাদক আবু আলী মিঠু, যুবদল নেতা লিখন, পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আনিসুর রহমান আনিস, তারাগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহেল, ছাত্রদলের গবেষণা সম্পাদক মোহাম্মদ সান, কাউনিয়া উপজেলা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান মিজান।
মামলার বাদী এসআই এরশাদ আলী বলেন, নাশকতার পরিকল্পনা করার সময় ঘটনাস্থল থেকে কয়েকজনকে গ্রেফতার করা হয়। তিনি জানান, মামলার তদন্ত করছেন কোতোয়ালি থানার ওসি (গোয়েন্দা) আনোয়ারুল ইসলাম।
অপরদিকে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মীসহ ৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত রংপুর মহানগরীসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
কোতোয়ালি থানার ওসি বাবুল মিঞা বলেন, গ্রেফতারকৃত বিএনপির ৩, জামায়াতের ১০ ও শিবিরের ১জনের মধ্যে বড়খালি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, বদরগঞ্জের জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল আল মহাদ্দেশ, তারাগঞ্জের হাড়িয়ালকুঠি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবুল হোসেন এবং মিঠাপুকুর ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি নুর আলম রয়েছে। এছাড়া অভিযান চলাকালে হত্যা, খুন, চুরি, ডাকাতি, ছিনতাই এবং সন্ত্রাসসহ বিভিন্ন মামলায় পলাতক ও দাগী আসামিদের গ্রেফতার করা হয়।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুরে প্রবেশ পথগুলোতে ১৪টি চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলসহ সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। এছাড়া পোশাকধারী পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলার নিরাপত্তা ব্যবস্থা রক্ষায় সার্বক্ষণিক জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোসহ বিভিন্ন এলাকায় র্যাব ও পুলিশী টহল জোরদার করা হয়েছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইতোমধ্যে স্থাপনকৃত সিসি ক্যামেরার মাধ্যমে নগরীর সকল কার্যক্রম মনিটরিংও করা হচ্ছে।
রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল ১০টায় গ্রান্ড হোটেল মোড়স্থ জেলা বিএনপির কার্যালয়ে শান্তিপূর্ণ সহঅবস্থানের জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ডাকা হয়েছে।
বিএনপির একটি সূত্র জানায়, সেখানে পুলিশ বাধা কিংবা সমবেত হতে না দিলে এবং রায় বিএনপি চেয়ারপার্সনের বিপক্ষে গেলে মহানগরীসহ ৮ উপজেলায় ঝটিকা মিছিল বের করা হবে।
রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর বেতপট্টিস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জমায়েত করা হবে। রায় নিয়ে বিএনপি কোন অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।
ইত্তেফাক/আরকেজি