বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রংপুর মহানগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সকাল থেকে অবরুদ্ধ করে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পুলিশের জলকামান ও প্রিজন ভ্যান সেখানে নিয়ে আসা হয়। ভিতরে বিএনপি’র নেতাকর্মীরা অবস্থান করছেন।
এদিকে রংপুরে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। র্যাব ও পুলিশের পাশাপাশি মাঠে ৫ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। জোরদার করা হয়েছে র্যাব ও পুলিশি টহল। নগরীর প্রতিটি মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্যদের।
IMG0
এদিকে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা বেতপট্টিস্থ দলীয় কার্যালয় অবস্থান নিয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে নগরীতে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করে। পরে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা রংপুর প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়। অপরদিকে পুলিশ অভিযান চালিয়ে বিএনপি’র ২ ও জামায়াতের ২ নেতাকর্মীসহ মোট ৫৪ জনকে গ্রেফতার করেছে।
ইত্তেফাক/এসএস