বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, মিথ্যা মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে। এ রায় জনগণ মেনে নেবে না।
এতিমদের জন্য পাঠানো ২ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া তারেক রহমানসহ অন্য পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এ রায়ের প্রতিবাদে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের মানুষ এ রায় ঘৃনাভরে প্রত্যাখ্যান করে। গণবিরোধী এ রায়ের প্রতিবাদে আমরা উচ্চ আদালতে যাবো। আশা করি সেখানে আমরা ন্যায় বিচার পাবো।
তিনি আরো বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের বিষয়ে আমরা স্থায়ী কমিটির সদস্যরা মিটিং করবো। সেখানকার সিদ্ধান্ত অনুযায়ী আমরা আন্দোলন কর্মসূচি ঘোষণা করবো।
ইত্তেফাক/ইউবি