গোপালগঞ্জে বাস চাপায় নিহত ৩

গোপালগঞ্জে বাস চাপায় তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
এ ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা সড়কে ব্যারিকেড দিয়ে বাসে অগ্নিসংযোগ করেন। পরে গোপালগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়কের দু'পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। দুপুর দেড়টার দিকে পুলিশের হস্তক্ষেপে উত্তেজিত জনতা সড়ক থেকে অবরোধ তুলে নেয়।
 
নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামের মাজেদ মোল্লার ছেলে ভ্যান চালক আবুল কালাম মোল্লা (৪৫), খানারপাড় গ্রামের জামাত মোল্লার ছেলে আল আমীন (৫০) ও একই উপজেলার গোলাবাড়িয়া গ্রামের হামিম (৩৫)। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ফরিদুল ইসলাম চৌধূরী আশঙ্কা প্রকাশ করেছন।
 
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক জানান, মায়ের দোয়া নামে একটি যাত্রীবাহী লোকাল বাস কোটালীপাড়া থেকে গোপালগঞ্জ আসার পথে দত্তডাঙ্গা এলাকায় দুই পথচারীকে চাপা দেয়। এসময় বাসটি পালিয়ে যাওয়ার সময় কাঠি এলাকায় পরপর ৩টি ভ্যানে ধাক্কা দেয়ার ফলে ওই হতাহতের ঘটনা ঘটে। বাস রেখে চালক পালিয়ে গেলে উত্তেজিত জনতা বাসে আগুন দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভিয়ে ফেলে। উত্তেজিত জনতা আমাদের অনুরোধে সড়ক থেকে অবরোধ তুলে নেয়।
 
আহতদের মধ্যে জামাত মোল্লা, রুবিনা বেগম ও তার ছেলে মাজহারুল সহ পাঁচজনকে গোপালগঞ্জ এবং দুইজনকে কোটালীপাড়া উপজেলা  হাসপাতালে ভর্তি করা হয়। গোপালগঞ্জ থেকে ঢাকায় নেয়ার পথে আল আমীন মারা যান বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
 
ইত্তেফাক/এসএস