বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হওয়ার পর সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় ২০ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খালেদা জিয়ার রায় ঘোষণার পর পরই বেলা আড়াইটার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের নেতৃত্বে সিলেট জজ কোর্ট এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি জেলা পরিষদ এলাকায় আসার পর বিএনপিপন্থী আইনজীবীরাও একটি মিছিল বের করার চেষ্টা করে। এ সময় দুপক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে বিএনপিপন্থী আইনজীবীরা পিছু হটতে বাধ্য হয়। বর্তমানে কোর্ট পয়েন্ট সরকারি দলের নেতা-কর্মীদের দখলে রয়েছে। এলাকার দোকান-পাট বন্ধ রয়েছে।
এদিকে বিএনপি নেতা সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে তার কুমারস্থ বাসা থেকে বের হতে দেয়নি পুলিশ। দুপুরে তিনি নেতাকর্মীদের নিয়ে বের হতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। অন্যদিকে সকাল থেকে সিলেট নগরীর অনেক দোকানপাট বন্ধ ছিল। যানবাহন চলাচল কমে যায়। সকাল থেকেই নগরীরর বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন ছিল।
ইত্তেফাক/ইউবি