আদ্-দ্বীন হাসপাতালে বিনামূলে প্রস্টেট সমস্যার চিকিৎসা ও অপারেশন

আদ্-দ্বীন হাসপাতাল মগবাজারে শুরু হচ্ছে বিনামূল্যে বয়স্ক পুরুষদের প্রস্টেটজনিত প্রস্রাবের সমস্যা এবং মূত্রথলির ও মূত্রনালির অপারেশন। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এ সেকাকার্যক্রম  শুরু হবে। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। শুধু দরিদ্র রোগীদের এই সেবা প্রদান করা হবে।
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, আদ্-দ্বীন মেডিকেল কলেজের অধ্যক্ষ  ইউরোলোজিস্ট অধ্যাপক ডা. আফিকুর রহমানের নেতৃত্বে একটি মেডিকেল টিম রোগীদের এই সেবা প্রদান করবেন।  শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত হাসপাতাল বহির্বিভাগের ৫ম তলায় রোগী দেখা হবে এবং অপারেশনের জন্য রোগী বাছাই করে ভর্তি করা হবে। রোগী বাছাই ও ভর্তি কার্যক্রম সেবা চালু থাকবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। 
 
অপারেশনের জন্য বাছাই করা রোগীদের অপারেশন ও পরীক্ষা-নিরীক্ষার খরচ হাসপাতাল বহন করবে। শুধু ওষুধের খরচ রোগীদের বহন করতে হবে। 
IMG0
এ কার্যক্রম সম্পর্কে ডা. আফিকুর রহমান বলেন, ইউরোজির সমস্যা  এদেশের মানুষের দীর্ঘদিনের সমস্যা। পরিসংখ্যন বা গবেষণায় দেখা গেছে ৫০ বছরের বেশি বয়সী মানুষদের মধ্যে ৩৯. ৫ শতাংশ মানুষ প্রস্টেটজনিত সমস্যায় ভোগেন। ১২ শতাংশ মানুষের অপারেশন করতে হবে। এর অপারেশন ও চিকিৎসা অত্যন্ত ব্যয় বহুল। এ কারণে গরিব মানুষদের কষ্ট লাঘবে আদ্-দ্বীন হাসপাতাল এই সেবা প্রদান করবে। গত বছর ফেব্রুয়ারিতে মাসব্যাপী এই সেবা প্রদান করা হয়।  সেখানে প্রায় ৪০০ রোগীকে এই সেবা দেয়া হয় এবং ১০০ রোগীর অপারেশন করা হয়।  অন্য হাসপাতালে এই অপারেশন করাতে  কমপক্ষে ৫০ হাজার  টাকা লাগে। কিন্তু আদ্-দ্বীন  রোগীর চিকিৎসা ও অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে করাবে। 
 
তিনি বলেন, গত বছর শুধুমাত্র প্রস্টেট অপারেশন করা হয়েছিল। তবে আমরা লক্ষ্য করেছি মূত্রনালি ও মূত্রথলির পাথর কিডনির সমস্যা তৈরি করে। এ বার  আমরা মূত্রনালি, মূত্রথলি ও কিনডির পাথর কাটা ছেঁড়া ছাড়া অপসারণ করবো (শকদিয়ে গলানো হবে)। এই অপারেশন করার অত্যধুনিক যন্ত্রপাতি  হাসপাতালের রয়েছে। আমার নেতৃত্বে ২০ জনের একটি  মেডিকেল টিম এই সেবা প্রদান করবে। 
 
তিনি আরো জানান, গত বছর ভোলা, সিলেটসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রোগীরা এই সেবা নিয়েছে। তারা এখন ভালোভাবে জীবনযাপন করছে।