মানিকগঞ্জে বাস খাদে, চালকসহ নিহত ২

 
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওরে যাত্রীবাহী বাস খাদে পড়ে চালকসহ ২জন নিহত ও গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১৫জন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বানিয়াজুরী বাসস্ট্যান্ডের কাছে জোকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
 
নিহতরা হলেন- রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার ধল্লা বেপারীপাড়া গ্রামের ইউনুছ মুন্সীর ছেলে শিপন মুন্সী (৩৮) ও শিবালয় উপজেলার তেওতা নিহালপুর গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে সোবান শেখ (৫২)। আহতদের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
দুর্ঘটনা কবলিত বাসটির এক যাত্রী মো. সাইদ কাদের মোল্লা জানান, ঢাকা থেকে আরিচা যাবার পথে জোকা এলাকায় পৌঁছলে হঠাৎ সামনের চাকা বিকট শব্দে ফেঁটে যায়। তখন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। আহতদের হাসপাতালে নেয়ার পর গাড়ির চালক সোবান শেখ ও এক যাত্রী শিপন মুন্সী মারা যান। বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়ামিন উদ-দৌলা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি