খালেদা জিয়ার রায়ের পর লক্ষ্মীপুরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন সাংবাদিকসহ কমপক্ষে আহত হয়েছেন ১৫জন। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে শহরের গোডাউন রোডে এ ঘটনা ঘটে।
এ সময় লক্ষ্মীপুর সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বাস ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, খালেদা জিয়ার রায় ঘোষণার পর বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বাস ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপির মিছিলটি যুবলীগ ও ছাত্রলীগের আনন্দ মিছিলের মুখোমুখি হলে দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি শাকের মোহাম্মদ রাসেল, দৈনিক আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি আনিস কবির, সাংবাদিক রুবেল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ, ছাত্রদল নেতা ফয়েজ আহমদ, শাহীন, মুকুল, আমির হোসেন, পরান, যুবলীগ কর্মী সাইফ উদ্দিন আপলু, মিঠু ও সজিবসহ ১৫জন আহত হন।
এ সময় মিছিল থেকে লক্ষ্মীপুর সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বাস ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। আহত সাংবাদিক ও নেতাকর্মীদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান হাসিব বলেন, র্যাব, পুলিশ, বিজিবির টহল থাকা সত্ত্বেও আমাদের প্রতিবাদ মুখর নেতাকর্মীদের উপর যুবলীগ, ছাত্রলীগ হামলা চালিয়ে তিন সাংবাদিকসহ কমপক্ষে ১৫জনকে আহত করেছেন। আমি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ইত্তেফাক/আরকেজি