ইত্তেফাক রিপোর্ট
ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানকে পুড়িয়ে হত্যা মামলার অন্যতম আসামি শাহাদাত হোসেনকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছেন দৈনিক ইত্তেফাকের মুক্তাগাছা সংবাদদাতা মনোনেশ দাস। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী মাহমুদের নেতৃত্বে পুলিশ মুক্তাগাছা শহরের জনতা গেস্ট হাউজ থেকে শাহাদাতা হোসেনকে গ্রেফতার করে।
মনোনেশ দাস জানান, জনতা গেস্ট হাউজটি তাদের পৈতৃক ব্যবসা। শুক্রবার রাতে হোটেলের এন্ট্রি খাতায় শাহাতাদের নাম ঠিকানার অসঙ্গতি দেখে আসামি শাহাদাতের সঙ্গে কথা বলে তার সঠিক পরিচয় পান। মনোনেশ দাসের কাছে শাহাদাত স্বীকার করেন যে, তিনি শাহাদাত হোসেন, পিতার নাম আর রাজ্জাক। সে ভুঁইয়া বাজার সোনাগাজীর বাসিন্দা। মনোনেশ দাস তাত্ক্ষণিক মুক্তাগাছা থানার ওসির মোবাইলে ফোন করে আসামি শাহাদাত হোসেন হোটেলে অবস্থান করছেন বলে জানান। পরে আসামি শাহাদাতকে গ্রেফতার করে প্রথমে মুক্তাগাছা থানা ও পরে ময়মনসিংহে নিয়ে যান ওসি।