প্রশ্ন ফাঁসের মামলায় গ্রেফতার ১০ পরীক্ষার্থী

 
জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বুধবার বিকালে দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হানা আক্তার বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ১০ পরীক্ষার্থীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।
 
পুলিশ সুপার দেলোয়ার হোসেন (বিপিএম বার) বৃহস্পতিবার দুপুরে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ তথ্য নিশ্চিত করেছেন।
 
আটককৃতরা হচ্ছে- এহসানুল হক শান্ত, তানভীর আহম্মেদ, ইসতিয়াক মাহমুদ নিলয়, কেএম মহসিন দুর্জয়, সুনিল বাবু, ফয়সাল আহম্মেদ, মাহমুদুল হাসান, মোফাখারুল ইসলাম মনির,  মোবারক আকন্দ, মো. আনোয়ার হোসেন আবির। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তাদের সব পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। আটক পরীক্ষার্থী সকলেই দেওয়ানগঞ্জ জিলবাংলা সুগার মিল উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
 
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, বুধবার ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা শুরু হলে অভিযুক্ত ১০ পরীক্ষার্থীর কাছে থাকা মোবাইল ফোনে হুবহু প্রশ্ন পাওয়া যায়। এ ঘটনায় দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব এবং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হানা আক্তার বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। 
 
ইত্তেফাক/আরকেজি