আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুনীতি মামলার রায় হয়েছে আদালতের যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে। সবাইকে বুঝতে হবে, কেউ আইনের শাসনের ঊর্ধ্বে নয়। দীর্ঘ প্রায় ১০ বছর ধরে খালেদা জিয়ার এই মামলা চলেছে। ২০০৮ সালের জুলাই থেকে মামলা রুজু করার পর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা চলেছে। খালেদা জিয়া বা বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার কথা যারা বলে তারা আইনের শাসনে বিশ্বাসী না, আদালতের প্রতি শ্রদ্ধাশীল না।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে দশম এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, কোনো ব্যক্তি বা কোনো দলকে বাদ দিয়ে নির্বাচন করার ষড়যন্ত্র আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগ সবাইকে নিয়ে নির্বাচন করতে চায়।
বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির উদ্যোগে এবং জিপিই প্রাইভেট লি.-এর সহযোগিতায় কনভেনশন সেন্টারে তিনদিনব্যাপী এই এক্সপো-এর উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওষুধ শিল্প সমিতির সিনিয়র সভাপতি হারুনুর রশিদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব এস.এম শফিউজ্জামান। আরও বক্তব্য রাখেন ভারতীয় দূতাবাসের ডেপুটি হাই কমিশনার ড. আদর্সে সোয়েকা, কেনিয়াস্থ বাংলাদেশের দূত মেজর জেনারেল (অব.) আবুল কালাম আজাদ, ওষুধ শিল্প সমিতির উপদেষ্টা ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি. এর এমডি ও চেয়ারম্যান আব্দুল মুক্তাদির।
এক্সপোতে আমেরিকা, চীন, ইংল্যান্ড, জার্মানি, মালেয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, বাংলাদেশসহ মোট ৩০টি দেশের ৭ শতাধিক কোম্পানি অংশগ্রহণ করেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এক্সপো খোলা থাকবে।
ইত্তেফাক/নূহু