পিকআপ চাপায় মোটরসাইকেল চালক নিহত

রামগড়-ফেনী সড়কে পিকআপের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতের নাম- আব্দুল কাদের (২৭)। তিনি ফটিকছড়ির হেয়াকোর বাংলাপাড়ার দুলাল মিয়ার ছেলে। ভাড়ায় মোটরসাইকেল চালানো তার পেশা।
 
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শুক্রবার সকাল ৮টার দিকে ফেনী সড়কের বড়বিল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে আব্দুল কাদের রাস্তায় ছিটকে পড়ে। এসময় পিকআপটি তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।
 
জানা যায়, কাদের গার্ডের দোকান এলাকার শ্বশুরবাড়ি থেকে মোটর সাইকেল চালিয়ে হেয়াকো যাচ্ছিলেন। দুর্ঘটনার পর চালক পিকআপটি রেখে পালিয়ে যায়। ফটিকছড়ির দাঁতমারা তদন্ত কেন্দ্রের পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। গাড়িটিও আটক করেছে পুলিশ।
 
ইত্তেফাক/এসএস