পঞ্চগড়ে আদিবাসী গৃহবধূর লাশ উদ্ধার

পঞ্চগড়ে পুতুল হাজদা (৩০) নামে এক সাঁওতাল আদিবাসী গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে জেলার সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের নুনিয়াপাড়া এলাকার একটি গম ক্ষেত থেকে এ গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
 
নিহত পুতুল হাজদা গৃহবধূ ওই এলাকার রমেশ মুরমুর স্ত্রী। পুলিশ এ হত্যাকাণ্ডের এ পর্যন্ত কোন ক্লু খুঁজে পায়নি। পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পুতুল হাজদার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে বাড়ির অদূরেই এক বাঁশ বাগানের পাশে গম ক্ষেতে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।
 
পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ রবিউল হাসান সরকার গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এসএস