১৩-১৫ ফেব্রুয়ারি শিব চতুর্দশী মেলা

 
সনাতন ধর্মাবলম্বীদের শিব চতুদর্শী উপলক্ষে সীতাকুণ্ডে আগামী ১৩-১৫ ফেরুয়ারি মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া ১-২ মার্চ দোল মেলা অনুষ্ঠিত হবে। শুক্রবার মেলা কমিটি উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছে।
 
সংবাদ সম্মেলনে মেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী বলেন, ফাল্গুনী চতুদর্শী তিথিকে ঘিরে প্রতি বছর দেশ-বিদেশের প্রায় ১০-১২লাখ তীর্থ যাত্রীর আগমন ঘটে। তবে এবার আবহাওয়া ও পরিবেশ প্রতিকুল, পরিস্থিতি ভালো বিধায় ২০ লাখ তীর্থযাত্রী হবে বলে আমাদের ধারণা। ফলে মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করা বড় চ্যালেঞ্জ।
 
৩শ বছরেরও আগে থেকে সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে এই শিব চতুদর্শী মেলা শুরু হয়। তাই সনাতন ধর্মপ্রাণ মানুষের সহযোগিতা, মেলা কমিটি, তীর্থ কমিটি ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় দীর্ঘকাল ধরে মেলাটি সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়।
 
এই মেলার প্রস্তুতি হিসেবে আইন শৃঙ্খলার জন্য ৪শ পুলিশ ও আনসার সদস্যসহ ৩শ স্বেচ্ছাসেবক কাজ করবে এবং সীতাকুণ্ড রেলস্টেশনে যাত্রীবাহী প্রত্যেকটি ট্রেন তীর্থযাত্রীদের সুবিধার্থে দাঁড়াবে।
 
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক রনজিত শাজা, পৌরবাজার কমিটির সেক্রেটারি আলহাজ মো. বেলাল হোসেন, কাউন্সিলর শফিউল আলম চৌধুরী মুরাদ, তপন চক্রবর্তী, শমীর কান্তি শর্মা, স্বপন কুমার বণিক, বিষ্ণু ভট্টচার্য, বিষ্ণুচরণ দাস প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি