রাজধানীতে পুলিশের ‘সহযোগিতায়’ শান্তিপূর্ণ মিছিল করেছে বিএনপি। তবে মিছিল শেষে পুলিশ ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ তিনজনকে আটক করে। দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের সাজার প্রতিবাদে শুক্রবার বাদ জুমা বায়তুল মুকাররমের উত্তর গেট থেকে মিছিলটি বের হয়। পরে দৈনিক বাংলার মোড় ও ফকিরাপুল হয়ে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেষ হয়।
উল্লেখ্য, বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড দেয় আদালত। এ ছাড়া রায়ে মামলার অন্য পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ড ও দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়। আর এ রায়ের প্রতিবাদে দুই দিনের কর্মসূচি (শুক্রবার ও শনিবার) ঘোষণা করে বিএনপি। কর্মসূচি অনুযায়ী শুক্রবার থেকে সারাদেশে বিক্ষোভ করছে দলটি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দলীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি নেতাকর্মীরা বাদ জুমা বায়তুল মোকাররম থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। এতে কয়েশক নেতাকর্মী অংশ নেয়। মিছিল করার সময় পেছনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। মিছিলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বায়তুল মোকাররমে নামাজ পড়ে মিছিলে যোগ দেন। ভাইস চেয়ারম্যান শাহজাহান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকেও দেখা যায় মিছিলের নেতৃত্বে। অবশ্য পরে দৈনিক বাংলার কাছে গিয়ে মিছিল থেকে সরে একটি গাড়িতে ওঠেন মির্জা ফখরুল।
এছাড়া মিছিলে ছিলেন বিএনপির কেন্দ্রী নেতা আবদুল হাই, সালাহউদ্দিন আহমেদ, মোস্তাফিজুর রহমান বাবুল, কাজী আবুল বাশার, আবদুস সালাম, আজাদ, শহীদুল ইসলাম বাবুল, নেওয়াজ আলী নেওয়াজ, খান রবিউল ইসলাম রবি, যুব দলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সিনিয়র সহসভাপতি মোরতাজুল করীম বাদুরু, নুরুল ইসলাম নয়ন, গোলাম মাওলা শাহিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাইফুল ইসলাম ফিরোজ ও এসএম জিলানি।
মিছিলটি দৈনিক বাংলা মোড় ও ফকিরাপুল হয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় অফিসের উপর থেকে রিজভীসহ অন্য নেতারা হাত নেড়ে স্বাগত জানান। সেখানে ৫ মিনিটের মতো অবস্থানের পর পুলিশের ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় নেতাকর্মীরা একটি গলিতে ঢুকে পড়লে বেশ কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ব্যাপারে পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শিবলী নোমান বলেন, বায়তুল মোকাররম থেকে যখন মিছিলটি বের হয় তখন পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেয়া হয়নি। বিএনপি নেতাকর্মীরা কোনো বিশৃঙ্খলা করেনি। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আমরা সহযোগিতা করেছি। তবে কাকরাইল মোড় হয়ে তার যখন আবাসিক এলাকার দিকে যাচ্ছিল তখন মানুষের নিরাপত্তার স্বার্থে আমরা পেছন থেকে বাধা দেই। এ সময় তিন জনকে আটক করা হয়।
তবে মিছিলের পেছনে দায়িত্ব পালনকারী পুলিশের একজন কর্মকর্তা বলেন, বিএনপি নেতাকর্মীরা মিছিল শুরু করেছিল শান্তিপূর্ণভাবে। বায়তুল মোকাররম থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে আসার পর তারা উসকানিমূলক স্লোগান দিতে থাকে। তখন পুলিশ কাছে গেলে তারা দৌড়ে পালিয়ে যায়।
ইত্তেফাক/এমআই