বাগেরহাটে বিএনপির ৫ নেতা আটক

 
খালেদা জিয়ার সাজার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকসহ বিএনপির ৫ নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে জেলা শহরের পুরাতন কোর্টে এলাকার মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় দলের নেতাকর্মীরা জড়ো হলে পুলিশ তাদের আটক করে।
 
তারা হলেন- জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি তরফদার আসাদুজ্জামান, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান ও জেলা শ্রমিকদলের প্রচার সম্পাদক লোকমান হোসেন।
 
বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন বলেন, শুক্রবার বিকেলে মিছিল করতে জেলা বিএনপির কিছু নেতা শহরের পুরাতন কোর্টের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে জড়ো হওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পাঁচ নেতাকে আটক করে। বিএনপির মিছিলের কারণে শহরের শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটার আশংকায় তাদের আটক করা হয়েছে। 
 
ইত্তেফাক/আরকেজি