৯৮-এ পা রাখলেন অধ্যাপক মোজাফফর আহমদ

৯৮ বছরে পা রাখলেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি, এদেশের বাম আন্দোলন এবং সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা অধ্যাপক মোজাফফর আহমদ। আজ ১৪ এপ্রিল রবিবার তার ৯৮ তম জন্মদিন।

 অধ্যাপক মোজাফফর আহমদের রাজনৈতিক জীবনের সূচনা ১৯৩৭ সালে। ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। যুক্তফ্রন্টের নির্বাচনে দেবিদ্বার আসনে মুসলিম লীগের জাঁদরেল প্রার্থী মফিজউদ্দিনকে বিপুল ভোটে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৫৭ সালের এপ্রিলে পূর্ববঙ্গ প্রাদেশিক পরিষদে অধ্যাপক মোজাফফর আহমদ আঞ্চলিক স্বায়ত্তশাসনের প্রস্তাব উত্থাপন করেন। দলীয় নেতৃত্বের বিরোধিতা করে শেখ মুজিবুর রহমান মোজফফর আহমদের প্রস্তাবের পক্ষে দৃঢ়ভাবে সমর্থন দিয়েছিলেন এবং প্রস্তাবটি পাস হয়েছিল।

১৯৫৭ সালের ২৭ জুলাই মওলানা ভাসানীর নেতৃত্বে ন্যাপ গঠন প্রক্রিয়ায়ও একজন ছিলেন অধ্যাপক মোজফফর আহমদ। ১৯৬৭ সালে পূর্ব পাকিস্তান ন্যাপের সভাপতি নির্বাচিত হন।  তিনি অবিভক্ত পাকিস্তান ন্যাপেরও যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

১৯৭১-এ স্বাধীনতা সংগ্রামের মূল নেতৃত্বের একজন এবং প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন অধ্যাপক মোজাফফর আহমদ। স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের জন্য বিশ্বের বিভিন্ন দেশ সফর করেন। এ সময় তিনি জাতিসংঘেও বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন। মুক্তিযুদ্ধের সময় ন্যাপ-সিপিবি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী গঠনে তার ভূমিকা ছিল অবিস্মরণীয়।

তিনি এখন রাজধানীর বারিধারায় মেয়ের বাসায় জীবন-যাপন করছেন। শরীরে বয়সের ছাপ। বিছানায় শুয়েই দিন কাটে তার। আজ সকালে ন্যাপের নেতা-কর্মী এবং শুভানুধ্যায়ীরা মোজাফফর আহমদকে শুভেচ্ছা জানাতে সমবেত হবেন বারিধারায়।

অধ্যাপক মোজাফফর আহমদ ১৯২২ সালে ১৪ এপ্রিল কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে জন্ম গ্রহণ করেন।—প্রেস বিজ্ঞপ্তি