প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না আওয়ামী লীগ: নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি আমাদের যে দোষারোপ করছে এটা ঠিক নয়। একটি রায়কে কেন্দ্র করে আদালত যা করার তা করেছে। কেউ যদি কোনো কারণে সংক্ষুব্ধ হন তার অধিকার আছে উচ্চ আদালতে যাওয়ার। হাইকোর্টে যেতে পারে, সুপ্রিম কোর্টে যেতে পারে। সেই অধিকারটা এখনও বাংলাদেশে আছে। তবে বিএনপি নেত্রীর বিরুদ্ধে যে রায় সেটি জনপ্রত্যাশিত বলেও নিজের মতের কথা জানান তিনি। 
 
শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির অষ্টম চাঁপাই উৎসব-২০১৮ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, সরকার কোনো ব্যক্তি বা দলকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় না। আমরা সবাইকে নির্বাচনে দেখতে চাই। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। এবার একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। 
 
খালেদা জিয়া কারাগারকে ভয় পাচ্ছেন মন্তব্য করে মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনি ভয় পান কেন? ভয় পাওয়ার তো কিছু নেই। আপনি কাঁদেন কেন? যিনি সত্যিকারের রাজনীতিবিদ, তিনি জেলকে ভয় পান না।’ 
 
তিনি বলেন, ‘জীবনে রাজনীতি করতে গিয়ে আমি কত জেল খেটেছি নিজেও জানি না। আপনাদের সব আমলেই আমি জেল খেটেছি।’ স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর শক্ত অবস্থানের কারণে বাংলাদেশে জঙ্গির উত্থান বন্ধ করা সম্ভব হয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে। তাই কোন কোন ক্ষেত্রে মালেশিয়া, শ্রীলংকা এমনকি ভারতকেও ছাড়িয়ে যাচ্ছে। আমরা কোন প্রতিহিংসার রাজনীতি করি না। একটি রায়কে কেন্দ্র করে অনেক বাজে কথা বলা হচ্ছে। তা বলবেন না। মানুষকে ধোঁকা দিবেন না। বোকা বানাবেন না। কেউ সংক্ষুব্ধ বা অসন্তষ্ট হলে আইনের আশ্রয় নিতে পারেন। আদালত আদালতের আইন অনুযায়ী কাজ করেছে। বঙ্গবন্ধু হত্যার ২১ বছর পরও জাতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনকি আমিও পিতা হত্যার বিচার পাইনি। শুধু তাই নয়, অত্যন্ত দুঃখের বিষয় খুনিদের আশ্রয়-প্রশয় দেয়া হয়েছে এরশাদ থেকে শুরু করে খালেদার সময়ে। কেউ বলেননি, খুনিদের হত্যার বিচার শুরু করা উচিৎ। বরং খুনিদের বিভিন্ন পর্যায়ে আশ্রয় দেয়া হয়েছে। নিজস্ব অর্থে পদ্মা সেতু হচ্ছে, সারা দেশে কমিউনিটি ক্লিনিক হচ্ছে। সবাইকে ফ্রি ওষুধও দেয়া হচ্ছে। নির্বাচিত সরকারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। অর্থনীতির উন্নতি হচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হচ্ছে।
 
ইত্তেফাক/এমআই